হোয়াইট হাউসে ওভাল অফিসে দীপাবলির আলো, ট্রাম্প পেলেন হনুমান চালিশা উপহার
আমেরিকার হোয়াইট হাউসের ওভাল অফিসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো দীপাবলি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রদীপ জ্বালিয়ে এই উৎসবে সামিল হন। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে তাঁর প্রশাসনের একাধিক বিশিষ্ট ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, শেফ বিকাশ খন্না, উদ্যোগপতি বিশাল গোন্ডাল, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, জয় ভট্টাচার্য, মার্কো রুবিও এবং অর্জুন মোদি।
অনুষ্ঠান চলাকালীন উদ্যোগপতি বিশাল গোন্ডাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলসীদাস রচিত পবিত্র হনুমান চালিশা উপহার দেন। তিনি জানান, লক্ষ লক্ষ ভারতীয় সাহস, ভক্তি ও শক্তি লাভের আশায় এই স্তোত্র পাঠ করে থাকেন। উল্লেখ্য, মার্কিন প্রশাসনে দীপাবলি উদযাপনের এই ঐতিহ্য ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে শুরু হয়েছিল এবং ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের ইস্ট রুমে এর সূচনা করেছিলেন।