বদলে গেল শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর নাচের স্থান, বিসর্জনে কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত!
কালীপুজোয় বৈষ্ণবতীর্থ শান্তিপুরের বিখ্যাত ‘বামা কালী’র নিরঞ্জন যাত্রা ও ভক্তদের কাঁধে চেপে দেবীর প্রতিমার বিশেষ নাচ দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। তবে এই বছর কলকাতায় ঘটে যাওয়া চোরবাগানের দুর্ঘটনার পর নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ-প্রশাসন। ঐতিহ্যবাহী এই নাচের স্থান বড়বাজার ঘাট চৌরাস্তার মোড় থেকে বদলে খানিক দূরে বেজপাড়ার ফাঁকা মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে পাশাপাশি তিনটি খেলার মাঠ কাজে লাগিয়ে দর্শকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই বছর থেকে প্রতিমা ছোঁয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী ৯ নভেম্বরের এই নৃত্যানুষ্ঠানে পুজো কমিটির সদস্য ও বাঁশ বাহক ছাড়া অন্য কারও উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা নিরঞ্জন ঘাট, মন্দির প্রাঙ্গণ ও নৃত্যের স্থানটি সরাসরি পরিদর্শন করেন। দর্শনার্থীরা যাতে নিরাপত্তা বজায় রেখে অনুষ্ঠান দেখতে পান, তার জন্য গোটা মাঠ বাঁশের ব্যারিকেডে ঘিরে ফেলার পাশাপাশি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও একাধিক জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে। সাধারণ ভক্তরা সরাসরি নাচের কাছাকাছি যেতে না পারলেও এই সমস্ত জায়ান্ট স্ক্রিনের মাধ্যমেই বামা কালীর নিরঞ্জন নৃত্য প্রত্যক্ষ করতে পারবেন। মাঠ থেকে শুরু করে বিসর্জন ঘাট পর্যন্ত সমগ্র পথজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।