হোমস্টে ব্যবসায় নামছেন? বাধ্যতামূলক রেজিস্ট্রেশনে যা জানতেই হবে!
রাজ্যজুড়ে হোমস্টে নিবন্ধনে নতুন ডিজিটাল পোর্টাল চালু, উদ্যোগ পর্যটন দপ্তরের
নিজস্ব প্রতিবেদক: পর্যটন শিল্পকে আরও সুসংগঠিত এবং প্রযুক্তি নির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন ‘হোমস্টে পোর্টাল’-এর উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। বিশ্ব পর্যটনের ডিজিটাল অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে এই তথ্যভাণ্ডার গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
নতুন এই পোর্টালের মাধ্যমে এখন থেকে হোমস্টে মালিকরা ঘরে বসেই সেলফ রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়েছে, নিবন্ধনের জন্য মালিকদের নিজস্ব মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য পোর্টালে প্রদান করতে হবে। ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে লগ-ইন করে সংশ্লিষ্ট হোমস্টের যাবতীয় নথি আপলোড এবং ম্যাপের মাধ্যমে সঠিক লোকেশন চিহ্নিত করা যাবে।
এই উদ্যোগের ফলে পর্যটকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ম্যাপের মাধ্যমে পর্যটকরা সহজেই হোমস্টের ঠিকানা, পার্শ্ববর্তী দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন এবং সেই হোমস্টেটি রাজ্য সরকারের অনুমোদিত কি না, তা যাচাই করার সুযোগ পাবেন।
বিগত কয়েক বছরে উত্তরবঙ্গসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য হোমস্টে গড়ে উঠেছে। মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, এগুলোর মধ্যে একটি বড় অংশ এখনও সরকারি নিবন্ধনের আওতার বাইরে। সেগুলিকে চিহ্নিত করতেই এই ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে।
রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে উত্তরবঙ্গের পর্যটন সংস্থাগুলি। হেল্প ট্যুরিজমের কর্ণধার রাজ বসু বলেন, “এটি অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। আমরা দীর্ঘদিন ধরে হোমস্টেগুলোকে বিধিবদ্ধ করার দাবি জানাচ্ছিলাম। এখন জেলাভিত্তিক ওয়ার্কশপ বা প্রশিক্ষণের আয়োজন করা হলে তা পর্যটন পরিষেবার মান আরও উন্নত করবে।”
পর্যটন দপ্তরের আশা, এই পোর্টালের মাধ্যমে হোমস্টে ব্যবসার প্রশাসনিক জটিলতা কমবে এবং পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করা সহজতর হবে।