কুনজর মানেই সেক্সুয়াল ফেভার নয়, নজিরবিহীন পর্যবেক্ষণ আদালতের!

 

যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন, কর্ণাটক হাইকোর্টে খারিজ ফৌজদারি মামলা

বেঙ্গালুরু: এক মহিলার আনা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগকারিণীর বয়ানে অসংলগ্নতা রয়েছে এবং প্রাথমিক অভিযোগের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগকারী ওই মহিলা জানিয়েছিলেন যে, একটি আর্থিক সমস্যার সমাধান খুঁজতে তিনি অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন। সেখানে অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং তার বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, টাকা ফেরত না দিলে তাঁকে শারীরিক আঘাতের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন ওই মহিলা।

তবে মামলার পরবর্তী পর্যায়ে পুরো বিষয়টি মোড় নেয়। পুলিশের কাছে দেওয়া পরবর্তী বিবৃতিতে ওই মহিলা তাঁর আগের অভিযোগ থেকে সরে আসেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার কোনো হুমকি দেননি বা যৌন সুবিধা দাবি করেননি। অভিযোগকারিণীর বর্তমান দাবি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি কেবল তাঁর দিকে ‘কুনজরে’ তাকিয়েছিলেন।

এই প্রেক্ষিতেই হাইকোর্ট জানিয়েছে, অভিযোগকারিণীর বয়ান পরিবর্তন এবং পরবর্তী জবানবন্দি থেকে এটি স্পষ্ট যে, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা মূল অভিযোগ ভিত্তিহীন। আদালতের পর্যবেক্ষণ, শুধু কারও দিকে ‘কুনজরে’ তাকানোর অভিযোগ থেকে এটি প্রমাণ হয় না যে, অভিযুক্ত ব্যক্তি যৌন সুবিধা পাওয়ার চেষ্টা করেছিলেন।

তদন্তে অন্য কোনো তথ্য বা প্রামাণ্য নথি না মেলায় আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাটি খারিজ করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *