১১০ কেজি অলঙ্কারের সাথে কপালে হিরের টিপ! ১০৩ বছরে নৈহাটির বড়মার ভুবনমোহিনী রূপ ও পুজোর সম্পূর্ণ সময়সূচি
১০৩ বছরে পা দিল নৈহাটির ঐতিহ্যবাহী জাগ্রত বড়মার কালীপুজো। মানত পূরণ ও দেবী দর্শনে প্রতি বছরের মতো এবারও নৈহাটির অরবিন্দ রোডে অগণিত ভক্তের ঢল নেমেছে। বিশেষ বিষয় হলো, ভিড় সামলাতে এবার পুজোয় রাখা হয়নি কোনো ভিআইপি গেট। তবে এবারের মূল আকর্ষণ সুবিশাল প্রতিমার কপালে হিরের টিপ এবং সোনা-রুপো মিলিয়ে প্রায় ১ কুইন্টাল ১০ কেজি বা ১১০ কেজি ওজনের চোখধাঁধানো অলঙ্কার। দেবীর বিশেষ সোনার চোখ অবশ্য নিয়ম মেনে বিসর্জনের সময়ও খোলা হবে না।
পুজো উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই ভক্তদের দণ্ডি কাটা শুরু হয়ে চলেছে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৮ নভেম্বর রাত ১২টায় শুরু মূল পুজো, দেড়টায় পুষ্পাঞ্জলি এবং রাত আড়াইটে থেকে ৯ নভেম্বর বেলা ১১টা পর্যন্ত চলবে ভোগ বিতরণ, যেখানে থাকছে প্রায় ২ হাজার কেজি খিচুড়ি ও পোলাও সহ একাধিক পদ। আগামী ১২ নভেম্বর বিকেল ৪টেয় শুরু হবে মায়ের ঐতিহ্যবাহী নিরঞ্জন শোভাযাত্রা।