২০২৭-এ ৮০-২০ ফর্মুলায় ৩২২ আসন পাবে NDA? উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে যোগী আদিত্যনাথের ধামাকা ভবিষ্যদ্বাণী

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই চড়ছে রাজনীতির পারদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, আগামী নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শুধু ৮০ শতাংশ ভোটই পাবে না, রাজ্য বিধানসভার ৮০ শতাংশ আসনেও জয়ী হবে। ৪০৩ আসনের বিধানসভায় এই হিসাব মিললে এনডিএ-র দখলে যেতে পারে প্রায় ৩২২টি আসন এবং বিরোধীদের ঝুলিতে থাকতে পারে বাকি ৮১টি আসন। ২০২২ সালের নির্বাচনের আগেও এই বহুল চর্চিত ‘৮০-২০’ ফর্মুলার কথা বলেছিলেন যোগী, যেখানে জাতীয়তাবাদ ও সুশাসনে বিশ্বাসী ৮০ শতাংশ ভোটার বিজেপিকে সমর্থন করবেন বলে তিনি উল্লেখ করেছিলেন।

বিজেপি ৩৫০-এর গণ্ডি পেরোবে কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজের ৮০ শতাংশ আসন জয়ের দাবিতেই অনড় থাকেন মুখ্যমন্ত্রী। ২০১৭ সালের নির্বাচনে এনডিএ ৩২৫টি আসন পেলেও ২০২২ সালে তা কমে ২৭৩টিতে দাঁড়ায়। তবে এবার আসন সংখ্যা আরও বাড়িয়ে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী শাসক শিবির। আগামী নির্বাচনে যোগীর এই পূর্বাভাস কতটা মিলবে তা সময়ই বলবে, তবে ভোটের আগেই তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বড় চর্চার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *