কালীপুজোর বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ বাংলা, দিল্লিকে টেক্কা দিয়ে বিপৎসীমার উপরে দূষণ!

 

কালীপুজোর রাতে বিষাক্ত কলকাতার বাতাস, বিভিন্ন এলাকায় দূষণমাত্রা বিপজ্জনক

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কালীপুজোর প্রাক্কালে কলকাতার বাতাসের গুণমান নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকেই মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় দূষণের মাত্রা বাড়তে শুরু করলেও, রবিবার রাতে দেদার বাজি ফাটানোর ফলে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। একাধিক এলাকায় বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫ (PM 2.5)-এর মাত্রা বিপজ্জনক সীমাকে অতিক্রম করেছে।

রবিবার রাতের প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে হাওড়ার ঘুসুড়িতে, যেখানে পিএম ২.৫-এর মাত্রা সর্বোচ্চ ৫০০ স্পর্শ করেছে। এছাড়া রবীন্দ্রভারতী এলাকায় ৪৭৪, যাদবপুরে ৪৫৬, বেলুড়ে ৪৫৩, সল্টলেকে ৪৪৪ এবং বালিগঞ্জে ৪০৯ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার রেকর্ড করা হয়েছে। অর্থাৎ, শহরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় দূষণমাত্রা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।

পরিসংখ্যান অনুযায়ী, দূষণ বৃদ্ধির এই ধারা গত তিন দিন ধরেই অব্যাহত ছিল। শুক্রবার রাতে ঘুসুড়িতে পিএম ২.৫-এর মাত্রা ছিল ৩৯৭, যা শনিবার কিছুটা কমে ৩৫০ হলেও, রবিবার তা ৫০০-তে পৌঁছায়। একইভাবে শনিবার সল্টলেকে দূষণের মাত্রা ছিল ৩৩৬, যাদবপুরে ৩২৬, বালিগঞ্জে ৩২১ এবং বেলুড়ে ৩১৩। অথচ শুক্রবার এই এলাকাগুলিতে দূষণের মাত্রা ছিল যথাক্রমে ৩০৬ (সল্টলেক) এবং ৩১৫ (যাদবপুর)।

কালীপুজোর আগেই হাওড়া, বেলুড় ও যাদবপুরসহ বিভিন্ন এলাকায় দূষণ নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও অবাধে বাজি ফাটানোর জেরে বাতাস যে বিষাক্ত হয়ে উঠেছে, তা সরকারি তথ্যেই স্পষ্ট। দূষণের এই মাত্রা শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় থাকা ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন পরিবেশবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *