বোমাতঙ্কের হুমকি উপেক্ষা করেই ভক্তদের মাঝে অমিতাভ!

 

ভক্তদের চমকে দিয়ে সরাসরি সামনে এলেন অমিতাভ বচ্চন, ক্ষমা চাইলেন চিঠি লিখতে না পারায়

মুম্বই: দীর্ঘদিনের প্রথা ভেঙে ফের একবার সরাসরি ভক্তদের মুখোমুখি হলেন অমিতাভ বচ্চন। মুম্বইয়ে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে কোনো কাঁচের দেওয়াল ছাড়াই অনুরাগীদের দেখা দিলেন বর্ষীয়ান এই অভিনেতা। তবে ভক্তদের সামনে এসে তিনি ক্ষমা চেয়েছেন একটি বিশেষ কারণে।

দীপাবলি উপলক্ষে দেশ-বিদেশের অগণিত ভক্ত অমিতাভকে প্রচুর উপহার পাঠিয়েছেন। অভিনেতার মতে, ভক্তদের পাঠানো উপহার যত্ন সহকারে রাখা তাঁর দায়িত্ব, কিন্তু এত উপহার রাখার জায়গার অভাব রয়েছে। প্রতিটি উপহার প্রেরককে হাতে লিখে ধন্যবাদ জানানোর পরিকল্পনা করেছিলেন অমিতাভ। কিন্তু হাতের তীব্র যন্ত্রণার কারণে তিনি কলম ধরতেই পারছেন না। চিঠি লিখে কৃতজ্ঞতা জানাতে দেরি হওয়ায় ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন বিগ বি।

উল্লেখ্য, চিকিৎসকরা অমিতাভকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যেই গত শুক্রবার অমিতাভের জলসা বাংলোসহ মুম্বাইয়ের কয়েকটি জায়গায় বোমা হামলার হুমকি আসে। যদিও পুলিশি তদন্তে সেই হুমকি ভুয়ো বলে প্রমাণিত হয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও কাঁচের আড়াল সরিয়ে সরাসরি ভক্তদের কাছে পৌঁছানোয় অমিতাভ বচ্চনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *