অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন যাত্রী

অসমে ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মিজোরাম থেকে কলকাতার দিকে আসার পথে ডিগারু স্টেশনে প্রবেশের সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই বিপত্তি ঘটে বলে প্রাথমিক তথ্যে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন।

উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সহায়তার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। যেকোনো তথ্যের জন্য ০৩৩-২৩৮৩৩৩২৬ এবং ০৩৩-২৩৫০৯৬৪৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত যাত্রীর সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *