জিন তাড়ানোর নামে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মসজিদের খতিব
মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় জিন তাড়ানোর নামে ১০ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে নির্যাতনের অভিযোগে রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয় শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিনের আসর মনে করে রেজাউল বারীর শরণাপন্ন হন। গত বৃহস্পতিবার রাতে ঝাড়ফুঁকের কথা বলে ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নেন অভিযুক্ত। সেখানে বাবা-মায়ের উপস্থিতিতেই ঘরের বাতি নিভিয়ে এবং তাদের মোবাইল ফোন সরিয়ে রেখে ওই ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে মা মোবাইল ফোনের আলো জ্বালালে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
ঘটনার পর ওই রাতেই ছাত্রীর বাবা-মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানিয়েছেন, ছাত্রীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পাশাপাশি ভুক্তভোগী ছাত্রী মুন্সীগঞ্জ আদালতে নিজের জবানবন্দি প্রদান করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।