জিন তাড়ানোর নামে ১০ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মসজিদের খতিব

মুন্সীগঞ্জের শ্রীনগরে জিন তাড়ানোর নামে ১০ বছরের এক মাদ্রাসাশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে রেজাউল বারী (৪৭) নামে এক মসজিদের খতিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করতেন। ভুক্তভোগী শিশুটি অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে ঝাড়ফুঁকের জন্য ওই ইমামের কাছে নিয়ে গিয়েছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে জিন তাড়ানোর কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন অভিযুক্ত। সেখানে বাবা-মায়ের উপস্থিতিতেই ঘরের বাতি নিভিয়ে এবং তাদের মোবাইল ফোন সরিয়ে রেখে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে সন্দেহ হলে শিশুটির মা মোবাইল ফোনের আলো জ্বালালে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ঘরের বাতি জ্বালালে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার পর রাতেই শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানিয়েছেন, এই ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটিও মুন্সীগঞ্জ আদালতে নিজের জবানবন্দি প্রদান করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *