সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ১৪

সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহ শহরে গত বৃহস্পতিবার মধ্যরাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। ফুজাইরাহ প্রবেশের মূল সড়কে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক প্রথমে একটি চলন্ত গাড়িকে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের অভিঘাতে গাড়িটি উল্টে গিয়ে ট্রাফিকের কারণে দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘাতক ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন দ্রুত আশেপাশের অন্যান্য গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের তালিকায় ভারত ছাড়াও ওমান, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিশরের নাগরিকরা রয়েছেন। মৃতদের মধ্যে স্থানীয় আমিরশাহীর নাগরিকরাও অন্তর্ভুক্ত রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়েই ফুজাইরাহ পুলিশের বিশেষ দল, অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালায়। আগুনে পুড়ে যাওয়া দেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নেওয়া হচ্ছে। ফুজাইরাহ পুলিশ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার কারণ ও দায়বদ্ধতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *