ব্রিটেনে ১৮০ কিশোরীকে যৌন নিপীড়ন, মুম্বাইয়ের যুবকের ৩০ বছরের কারাদণ্ড
যুক্তরাজ্যে উচ্চশিক্ষারত মুম্বাইয়ের বাসিন্দা ২৭ বছর বয়সী বিলাল কাজীকে ১৮০ জনেরও বেশি কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। চেস্টার ক্রাউন কোর্টে ৩৭টি যৌন অপরাধের কথা স্বীকার করার পর এই রায় ঘোষণা করা হয়। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চলা এই অপরাধমূলক কর্মকাণ্ডে সে স্ন্যাপচ্যাট, উইজ এবং উইঙ্ক-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করত।
তদন্তে জানা গেছে, বিলাল কাজী নিজেকে ‘রিস’ নামে এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিয়ে ১০ থেকে ১৭ বছর বয়সী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। বিশ্বাস অর্জনের পর সে কৌশলে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করত এবং পরবর্তীতে তা ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করত। ২০২১ সালের নভেম্বরে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চেশায়ার কনস্ট্যাবুলারির অনলাইন শিশু নির্যাতন তদন্ত দল (OCAIT) এই ঘটনার তদন্ত শুরু করে।
২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাজ্যে ফেরার সময় হিথ্রো বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া ডিজিটাল তথ্যপ্রমাণকে তদন্তকারীরা ওসিএআইটি-এর ইতিহাসের অন্যতম বড় অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। তদন্তকারী কর্মকর্তা জর্জিয়া হিউজ জানান, বিলাল কাজীর এই জঘন্য কর্মকাণ্ড ভুক্তভোগী কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব ফেলেছে। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।