তেলেঙ্গানায় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু, হেনস্থার অভিযোগ পরিবারের
তেলেঙ্গানার সঙ্গাইপল্লি গ্রামের বাসিন্দা নন্দিনী নানাভাথ নামে এক অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বিকারাবাদের মধু কলোনিতে তাঁর ঠাকুমার বাড়িতে থেকে ক্রিকেটের প্রশিক্ষণ নিতেন। সম্প্রতি বিসিসিআইয়ের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন এই উদীয়মান খেলোয়াড়। বৃহস্পতিবার ঠাকুমার বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, অনিল ও কৃষ্ণ নামে দুই যুবক দীর্ঘদিন ধরে নন্দিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন। পরিবারের দাবি, অনিল তাঁকে অনুসরণ করে হেনস্থা করতেন এবং কৃষ্ণ তাঁকে সাহায্য করতেন। এই ঘটনার জেরে নন্দিনীর আত্মীয়রা রাস্তায় নেমে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
নন্দিনীর বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তদন্তের স্বার্থে কিশোরীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। অনলাইনে কেউ তাঁকে হেনস্থা করেছিল কি না, তা নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।