জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী ও রাজনাথ সিং
দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ স্মরণ করলেন রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক ভারত গঠনে নেহরুর অবদানের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেহরুর নেতৃত্ব এবং তাঁর কর্মপদ্ধতি দেশ গঠনে এক স্থায়ী ছাপ রেখে গিয়েছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও নেহরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, নেহরুর কাছে স্বাধীনতা কেবল একটি গন্তব্য ছিল না, বরং তা ছিল জাতির এক নতুন যাত্রার সূচনা। রাহুল গান্ধীর মতে, আধুনিক, বিজ্ঞানমনস্ক এবং প্রগতিশীল ভারতের যে স্বপ্ন নেহরু দেখেছিলেন, তা আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল আস্থাকে রাহুল গান্ধী ভারতের শক্তির মূল ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী এবং সরদার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালিত হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতে প্যাটেলের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনে কোনো বার্তা দেননি। নেহরুর জন্মবার্ষিকীতেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।