ফের পিছোল দক্ষিণ সুদানের প্রথম সাধারণ নির্বাচন, নতুন দিনক্ষণ ঘোষণা

দক্ষিণ সুদানে প্রথম জাতীয় নির্বাচন ফের পিছিয়ে দেওয়া হয়েছে। ২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটিতে এখনও পর্যন্ত কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর আগে ২০২২ ও ২০২৪ সালেও নির্বাচনের সময়সীমা পরিবর্তন করা হয়েছিল। তবে এবারের বিলম্বের সুনির্দিষ্ট কোনো কারণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১১ ফেব্রুয়ারি দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধন চলবে। এরপর ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার, যা ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। দীর্ঘ গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে দক্ষিণ সুদানের গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে প্রায় ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। ২০১৮ সালের শান্তিচুক্তির পরেও দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও জাতিগত সংঘাত পুরোপুরি থামেনি।

বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট সালভা কির এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। মাচার ২০২৫ সালের মার্চ মাস থেকে গৃহবন্দি রয়েছেন এবং সেপ্টেম্বর মাসে কির অন্তর্বর্তী ঐক্য সরকার ভেঙে তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করেছেন। রাষ্ট্রসংঘের আশঙ্কা, প্রয়োজনীয় নিরাপত্তা, রাজনৈতিক ঐকমত্য এবং যথাযথ প্রস্তুতি ছাড়া নির্বাচন আয়োজন করলে দেশটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে নতুন ঘোষিত দিনক্ষণে নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *