নদিয়ায় কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু ছাত্রীর
নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা এলাকার বাপুজি নগরে কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ছাত্রীর নাম দিয়া সরকার। শুক্রবার রাতে গড়িয়াপোতা ঘাটে প্রতিমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় ব্যবহৃত একটি ইঞ্জিন ভ্যানে জেনারেটর বসানো ছিল। ভ্যানটি থেকে ফেরার সময় অসাবধানতাবশত দিয়ার দীর্ঘ চুল জেনারেটরের খোলা অংশে জড়িয়ে যায়। যন্ত্রের প্রবল টানে তিনি ভেতরে আটকে পড়েন এবং গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শোভাযাত্রায় ব্যবহৃত ইঞ্জিন ভ্যান ও জেনারেটরটি আটক করেছে। দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।