দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রবিন্দু করছে ভারত
নালন্দা বিশ্ববিদ্যালয়ের সুপ্রাচীন ঐতিহ্যকে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রাচীনকালে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যে গভীর শিক্ষাগত মেলবন্ধন ছিল, তাকে নতুন রূপ দিতে নালন্দায় ‘সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজ’ চালু করা হয়েছে। এই কেন্দ্রে বৌদ্ধ দর্শন ও ইতিহাসের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, গণিত, জলবায়ু পরিবর্তন, সমুদ্র বিজ্ঞান, বাণিজ্য এবং ডিজিটাল সহযোগিতার মতো আধুনিক ও যুগোপযোগী বিষয়ে গবেষণা চলছে।
আসিয়ানভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে। জোটের দশটি সদস্য দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতি বছর মোট ২০০টি স্কলারশিপ প্রদান করা হচ্ছে। এর আওতায় পড়াশোনার সম্পূর্ণ খরচ, আবাসন, বিমানভাড়া এবং মাসিক হাতখরচ ভারত সরকার বহন করছে। ব্রুনেই, কম্বোদিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছেন।
নালন্দাকে কেবল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে সীমাবদ্ধ না রেখে একে জ্ঞান ও গবেষণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। প্রাচীন সভ্যতা ও বৌদ্ধ দর্শনের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ভারত ও আসিয়ান দেশগুলোর দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রীর সফর এবং নালন্দার এই নতুন ভূমিকা ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের অবস্থানকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।