দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রবিন্দু করছে ভারত

নালন্দা বিশ্ববিদ্যালয়ের সুপ্রাচীন ঐতিহ্যকে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রাচীনকালে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যে গভীর শিক্ষাগত মেলবন্ধন ছিল, তাকে বর্তমান প্রেক্ষাপটে আরও শক্তিশালী করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। নালন্দায় এখন বৌদ্ধ দর্শন ও ইতিহাসের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গণিতের মতো আধুনিক ও যুগোপযোগী বিষয়গুলিতেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই লক্ষ্য পূরণে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার ফর সাউথইস্ট এশিয়ান স্টাডিজ’ নামে একটি বিশেষ কেন্দ্র চালু করা হয়েছে। এই কেন্দ্রটি ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে নীতিগত, শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির কাজ করছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্র বিজ্ঞান, বাণিজ্য, ঐতিহ্য রক্ষা, জনস্বাস্থ্য ও ডিজিটাল সহযোগিতার মতো দশটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখানে গবেষণা চলছে, যা দুই পক্ষের অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আসিয়ানভুক্ত দশটি দেশের মেধাবী শিক্ষার্থীদের নালন্দার সঙ্গে যুক্ত করতে ভারত বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করেছে। ব্রুনেই, কম্বোদিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর বিশটি করে স্কলারশিপ দেওয়া হচ্ছে। এই সুবিধার আওতায় পড়াশোনার খরচ, আবাসন, বিমানভাড়া এবং মাসিক হাতখরচও অন্তর্ভুক্ত রয়েছে। নালন্দাকে জ্ঞান ও গবেষণার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার এই প্রয়াস ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’কে আরও শক্তিশালী করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *