পুরনো প্রযুক্তির জেরে আমেরিকার আকাশপথে বড় বিপর্যয়, ব্যাহত ২০ হাজার ফ্লাইট
আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই গোলযোগের জেরে ২০ হাজারেরও বেশি ফ্লাইট বিঘ্নিত হয়, যার ফলে বিমানবন্দরগুলোতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং লাখ লাখ যাত্রী দুর্ভোগের শিকার হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এল৩হ্যারিস নামক এক সরকারি কন্ট্রাক্টরের মাধ্যমে তামা ও ফাইবার অপটিক কেবল বদলানোর কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে।
মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানিয়েছেন, ত্রুটিপূর্ণ রাউটারগুলো প্রতি ৪-৫ সেকেন্ডে অন্য রাউটারকে এক হাজারের বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছিল। এই অতিরিক্ত চাপের ফলে পুরো কমিউনিকেশন সিস্টেম অচল হয়ে পড়ে। তদন্তে উঠে এসেছে যে, মার্কিন এভিয়েশন সেক্টর আজও ২৫ বছরের পুরনো রাউটার, ফ্লোপি ডিস্ক এবং ইবে থেকে কেনা যন্ত্রাংশের পুরনো কমপ্যাক্ট কম্পিউটারের ওপর নির্ভর করে চলছে।
এই ঘটনা আমেরিকার বিমান পরিষেবার পুরনো অবকাঠামো নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অতীতেও এমন বহু প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘটলেও, আধুনিকীকরণের অভাব বারবার সামনে আসছে। বর্তমান পরিস্থিতিতে এই পুরনো পরিকাঠামো বদলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি আরও জোরালো হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন নজিরবিহীন বিপত্তি এড়ানো সম্ভব হয়।