উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ‘জন চৌপাল’ কর্মসূচি শুরু বিজেপির
আগামী ১৯ নভেম্বর গোরক্ষপুরের ঐতিহাসিক টাউনহল ময়দানে বিজেপির নতুন কর্মসূচি ‘জন চৌপাল’-এর সূচনা হতে চলেছে। এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হবেন। গোরক্ষপুর সদর বিধানসভা এলাকা থেকে প্রায় ৫ হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে। তাৎক্ষণিক ফিডব্যাক সংগ্রহের মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সঠিক উপভোক্তার কাছে পৌঁছাচ্ছে কি না, তা যাচাই করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
গোরক্ষপুর থেকে শুরু হওয়া এই পরীক্ষামূলক কর্মসূচি ধাপে ধাপে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। এই প্রক্রিয়াকে কেবল হেভিওয়েট নেতাদের জনসভার মধ্যে সীমাবদ্ধ না রেখে বুথ স্তর পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। দলের নির্দেশ অনুযায়ী, কাউন্সিলর থেকে শুরু করে বুথ সভাপতি, মণ্ডল সভাপতি এবং শক্তি কেন্দ্র সংযোজকদের এই অভিযানে সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে। স্থানীয় স্তরের অভাব-অভিযোগ দ্রুত চিহ্নিত করে তা সরকার ও সংগঠনের কাছে পৌঁছে দেওয়াই এই সুবিন্যস্ত কাঠামোর উদ্দেশ্য।
পুরো প্রক্রিয়াটিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারের আলোয় আনতে বিজেপির আইটি ও সোশ্যাল মিডিয়া সেল বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিটি সভার লাইভ আপডেট এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মানসিকতা বুঝতে এবং আস্থার পরিবেশ তৈরি করতেই বিজেপি এই কৌশল গ্রহণ করেছে। সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার এই রাজনৈতিক পদক্ষেপ আগামী দিনে কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার বিষয়।