১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা জল চুক্তি, আলোচনার অপেক্ষায় ঢাকা
ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা জল বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। তিন দশক পুরনো এই চুক্তির মেয়াদ ফুরোনোর আগে দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের হস্তক্ষেপ না ঘটলে বর্তমান কাঠামোতে চুক্তিটি চালিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। তবে ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
চুক্তি নবায়ন বা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশের জলসম্পদ মন্ত্রীর পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে যে, ঢাকা এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। পাশাপাশি, ভারতীয় দলের সদস্যদের বিষয়েও নয়াদিল্লির কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে বলে ঢাকা আশা প্রকাশ করেছে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে, যার মধ্যে গঙ্গা অন্যতম। ১৯৯৬ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরের মাধ্যমে এই চুক্তির সূচনা হয়েছিল। দুই দেশের মধ্যে থাকা ৫৪টি অভিন্ন নদীর মধ্যে তিস্তা নদীর জল বণ্টন নিয়ে এখনো কোনো বোঝাপড়ায় পৌঁছানো সম্ভব হয়নি। এখন গঙ্গা জল চুক্তি নিয়ে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।