গিরিশ পার্ক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। সেই অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ১২টার কিছু পরে তিনি গিরিশ পার্ক থানায় হাজিরা দেন। সাংসদ যখন থানায় পৌঁছান, তখন তাঁর গাড়ি ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকরা স্লোগান দিতে শুরু করেন। ঠিক সেই সময়েই সেখানে উপস্থিত হন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।
মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, তৃণমূল সমর্থকরা শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপরকে লক্ষ্য করে স্লোগান-পাল্টা স্লোগান দেওয়ার পাশাপাশি এক পর্যায়ে দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তিও বেধে যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষোভকারীদের সরিয়ে এলাকা শান্ত করার চেষ্টা চালানো হয়। দীর্ঘক্ষণ ধরে চলা এই টানটান উত্তেজনার জেরে গিরিশ পার্ক থানা চত্বর ও সংলগ্ন এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।