বর্ধমান শহরে নিখোঁজ পাঁচটি সারমেয়, সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন গাড়ির খোঁজে পুলিশ

বর্ধমান শহরে রবিবার থেকে পাঁচটি পথকুকুর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পশুপ্রেমী রিনা দাঁ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকার কুকুরদের খাবার দেওয়া, টিকাকরণ এবং নির্বীজকরণের দায়িত্ব পালন করে আসছেন। রবিবার থেকে ওই পাঁচটি কুকুরকে এলাকায় দেখতে না পেয়ে তিনি প্রথমে ভেবেছিলেন বাজির শব্দের কারণে হয়তো তারা অন্যত্র সরে গিয়েছে। কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও তাদের কোনো খোঁজ না মেলায় তিনি বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি চারচাকা গাড়িতে করে খাঁচায় ভরে ওই কুকুরগুলিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই পশুপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রিনা দাঁ জানিয়েছেন, যদি চিকিৎসার প্রয়োজনে বা উন্নত পরিচর্যার জন্য কুকুরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকে, তবে তাতে তাঁদের আপত্তি নেই। কিন্তু তাঁদের না জানিয়ে এভাবে প্রাণীগুলিকে নিয়ে যাওয়ায় তারা চিন্তিত। কুকুরগুলির বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন তিনি।

অভিযোগ পাওয়ার পর বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি সন্দেহভাজন গাড়িকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। ওই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কী উদ্দেশ্যে কুকুরগুলিকে নিয়ে যাওয়া হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার নেপথ্যে কোনো সংস্থা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *