যাদবপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে গয়না চুরির ঘটনায় গ্রেফতার সরকারি কর্মী
যাদবপুরের বিজয়গড় এলাকা থেকে চুমকি পাঁজা ওরফে প্রিয়াঙ্কা নামে এক মহিলাকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃত মহিলা বর্তমানে লালবাজারের বিল্ডিং ডিপার্টমেন্টে কর্মরত। এর আগে তিনি হরিদেবপুর থানাতেও কাজ করেছেন বলে জানা গিয়েছে। গত ১৬ নভেম্বর বেদিয়াডাঙা ফার্স্ট লেনের বাসিন্দা দিপালী মাহাত চৌহানের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। অভিযোগকারিণীর দাবি, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে দুষ্কৃতী বাড়িতে ঢুকে নগদ ৩,০০০ টাকা এবং সোনা ও রুপোর গয়না চুরি করে নিয়ে যায়।
বাড়ি ফিরে চুরির বিষয়টি নজরে আসতেই গৃহকর্ত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে এক মহিলার সন্দেহজনক গতিবিধি এবং একটি স্কুটির উপস্থিতি লক্ষ্য করেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই চুমকি পাঁজাকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় ডেকে পাঠানো হলে পুলিশের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
পরবর্তীতে পুলিশ চুমকির বিজয়গড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করে এবং চুরিতে ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চুরির ঘটনায় ধৃত মহিলা একাই যুক্ত ছিলেন। তবে তাঁর সঙ্গে অন্য কোনো সহযোগী ছিল কি না এবং অতীতে তিনি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।