নির্বাচনে আমেরিকার প্রথম মুসলিম সেনেটার হওয়ার গৌরব, কর্নাটকের গর্ব আব্দুল!

 

আমেরিকার প্রথম মুসলিম সেনেটার আব্দুল এল-সায়েদ: সাফল্যের উচ্ছ্বাসে ভাসছে কর্নাটকের ভাটকল

নিজস্ব প্রতিবেদন: আমেরিকার রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে প্রথম মুসলিম সেনেটার হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল এল-সায়েদ। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত কর্নাটকের ভাটকলের আত্মীয়-স্বজনরা। একে শুধুমাত্র রাজনৈতিক জয় নয়, বরং বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে এক বড় জয় হিসেবেই দেখছেন তাঁর পরিবারের সদস্যরা।

আব্দুলের এই সাফল্যে ভাটকলের আত্মীয় জুকাকু শামসুদ্দিন জিয়া ও বিবি হুসনা গর্ব প্রকাশ করে বলেন, “কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানে অবিচল থেকে এই উচ্চতায় পৌঁছানো সহজ নয়। তাঁর জয় সমাজে সমান অধিকার ও গ্রহণযোগ্যতার বার্তাও বহন করছে।”

ভাটকলের সঙ্গে আব্দুল এল-সায়েদের নাড়ির টান অনেক পুরনো। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর বাবা ডঃ সায়েদ সন্তানদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়মিত তাঁদের ভাটকলে নিয়ে আসতেন। এক দশকেরও বেশি সময় আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ভাটকলে এসেছিলেন আব্দুল। পরিবারের সদস্যদের স্মৃতিচারণায় উঠে আসে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা এবং মার্জিত আচরণের কথা। স্থানীয় খাবারের প্রতি, বিশেষ করে ভাটকলের বিরিয়ানি ও ‘লোনমিরি’ লঙ্কা বাটার স্বাদের প্রতি তাঁর বিশেষ অনুরাগের কথাও স্মরণ করেন আত্মীয়রা।

আব্দুলের চরিত্রে পরিবারের দীর্ঘদিনের মূল্যবোধের প্রতিফলন দেখছেন তাঁর স্বজনরা। জুকাকু শামসুদ্দিন জিয়া জানান, আবদুলের দাদু মরহুম জে এইচ শামসুদ্দিন তৎকালীন মহীশূর রাজ্যের মন্ত্রী ছিলেন। তাঁর সততা, নীতিবোধ ও জনসেবার মানসিকতাই যেন আবদুলের মধ্যে বেঁচে রয়েছে। পরিবারের মতে, ক্ষমতার চেয়ে জনসেবাকে গুরুত্ব দেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে আবদুলের লড়াই আসলে তাঁদের পূর্বপুরুষদের আদর্শেরই প্রতিফলন।

বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আত্মীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপে শুভেচ্ছার জোয়ার বইছে। ভাটকলের পরিবারের সদস্যদের বিশ্বাস, দুর্নীতি ও বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে আবদুলের এই অবস্থান আগামী দিনে বিশ্বজুড়ে অনেক মানুষের অনুপ্রেরণা হয়ে উঠবে। সুদূর আমেরিকা থেকে আসা এই সাফল্যে ভাটকলের ছোট পরিবারটি আজ গর্বিত ও আবেগাপ্লুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *