তিতুমীরের বাংলায় রবীন্দ্রনাথের ছবিতে কালি, ক্ষোভ ছড়াচ্ছে বাংলাদেশে!

 

খুলনা রেল স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লেপন, নিন্দার ঝড়

খুলনা অফিস: খুলনা রেল স্টেশনের প্রাচীরে অঙ্কিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ম্যুরালে কালি ছিটিয়ে বিকৃত করার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই প্রাচীরে থাকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি অক্ষত থাকলেও কেবল রবীন্দ্রনাথের ছবিতেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনাস্থলে পাওয়া একটি পোস্টারে লেখা ছিল, “যিনি মুসলমান ও পূর্ব বাংলার প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন, সেই রবীন্দ্রনাথের ঠাঁই তিতুমীরের বাংলায় নেই।”

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে রেল স্টেশনের প্রাচীরে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। ওই দেয়ালে ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিও রয়েছে।

ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, শুক্রবার বিকেলে তারা বিষয়টি জানতে পারেন। শুক্রবার রাস্তার ধারের দোকানপাট বন্ধ থাকায় কারা, কখন এই ম্যুরাল বিকৃত করেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বা অন্যান্য তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “শিশু ও কিশোরদের মাঝে মুক্তচিন্তার বিকাশ এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই ম্যুরালগুলো তৈরি করা হয়েছিল। যারা এই প্রতিকৃতি বিকৃত করেছে, তারা তাদের সংকীর্ণ ও অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছে।”

এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *