ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! চারিদিকে রক্তের বন্যা, কামরা থেকে উদ্ধার একের পর এক দেহ
মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সংঘর্ষে হতাহতের আশঙ্কা, তদন্তের নির্দেশ প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল দুটি যাত্রীবাহী ট্রেন। রবিবার রাতে গিজা-ফাইয়ুমগামী একটি ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ কামরায় সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী হতাহত হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গিজা-ফাইয়ুমগামী ট্রেনটি ভুলবশত একই দিকে দাঁড়িয়ে থাকা অন্য ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা আয়মান গামালের নেতৃত্বে এলাকাবাসী দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ৮০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কামরার ভেতরে আটকে থাকা বেশ কয়েকজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়েই মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি শোক প্রকাশ করে প্রকৃত কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মিশরে রেল দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই সে দেশের রেল ব্যবস্থার মান ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সরকার রেল পরিষেবার আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছে, তবুও বারবার এমন বিপর্যয় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে আল-আয়াত এলাকায় দুটি মালগাড়ির সংঘর্ষে চালক ও তাঁর সহকারী আহত হয়েছিলেন। এছাড়া ২০০২ সালে মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় একটি ট্রেনে অগ্নিকাণ্ডে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমান দুর্ঘটনার পর দেশটির রেল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।