১৫ নভেম্বর থেকে শুরু স্টল বুকিং, এবারের পৌষমেলা কতদিন চলবে?

 

১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পৌষমেলার স্টল বুকিং

নিজস্ব প্রতিবেদক, শান্তিনিকেতন: আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলার স্টল বুকিং প্রক্রিয়া। স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ ব্যবসায়ীদের সুবিধার্থে এবারও সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে স্টল বুকিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে পৌষমেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, ভারপ্রাপ্ত কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, বীরভূমের জেলাশাসক ধবল জৈন এবং জেলা পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্তসহ জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে উপাচার্য জানান, পূর্বের ন্যায় এবারও ছয় দিনব্যাপী পৌষমেলা অনুষ্ঠিত হবে। শান্তিনিকেতনের পূর্বপল্লি মাঠেই বসবে মেলার আসর। এবারের মেলায় বাংলার গ্রামীণ শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে ক্ষুদ্র ও হস্তশিল্পীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পীদের উৎসাহ প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে মেলা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করা হচ্ছে। মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশ্বভারতী ও বীরভূম জেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে। এছাড়া, মেলা শেষ হওয়ার দু’দিনের মধ্যে মাঠ পরিষ্কার করে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

শান্তিনিকেতনের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পৌষমেলাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই যৌথ উদ্যোগে মেলাটি আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *