বিয়ের পর চাকরি বা উচ্চশিক্ষা স্ত্রীর অধিকার, এটা কোনো দয়া নয়!
বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরির অধিকার স্বামীর অনুকম্পা নয়, স্পষ্ট জানাল ঝাড়খণ্ড হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে স্বামীর ‘উদারতা’ হিসেবে দেখার মানসিকতাকে খারিজ করে দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। একইসঙ্গে লিঙ্গভিত্তিক চিরাচরিত বৈষম্যমূলক ধারণার তীব্র সমালোচনা করে স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগে এক মহিলাকে বিবাহবিচ্ছেদের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি এমএস সোনক ও বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ।
ঘটনার সূত্রপাত ২০০৪ সালে। বিয়ের পর দম্পতির এক কন্যাসন্তান হয়। পরবর্তীতে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং পণের দাবিতে হেনস্থার অভিযোগ আনেন স্ত্রী। মহিলার অভিযোগ, তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় এবং পরবর্তীতে আর্থিক চাহিদাও মেটানো হয়নি। এই পরিস্থিতিতে হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারায় স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করেন।
২০১৯ সালে জামশেদপুরের পারিবারিক আদালত মহিলার আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, স্বামী স্ত্রীকে উচ্চশিক্ষা ও চাকরির অনুমতি দিয়েছিলেন, যা তাঁর উদারতার পরিচয়। উল্টে ওই মহিলাকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ বলেও মন্তব্য করে পারিবারিক আদালত।
এই রায়ের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেন ওই মহিলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পারিবারিক আদালতের পর্যবেক্ষণকে ভুল বলে অভিহিত করেছে। আদালত স্পষ্ট জানায়, উচ্চশিক্ষা বা চাকরি করা একজন মহিলার জন্মগত অধিকার। স্বামী তাঁকে এই সুযোগ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন—এমনটি ভাবার কোনো অবকাশ নেই। আদালত প্রশ্ন তোলে, একজন পুরুষ কর্মজীবন বা উচ্চশিক্ষায় সফল হলে তাকে স্বাভাবিক দেখা হয়, কিন্তু মহিলার ক্ষেত্রে কেন তাকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ বা ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ তকমা দেওয়া হবে?
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, বিবাহিত জীবনে স্বামী-স্ত্রী সমান অংশীদার। সেখানে কেউ কারও চেয়ে উঁচু বা নিচু নন, নেই কোনো আধিপত্যের জায়গা। লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণার ভিত্তিতে বিচারবিভাগ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও সমতা।
এই রায়ের মাধ্যমে হাইকোর্ট পারিবারিক আদালতের আগের নির্দেশ খারিজ করেছে এবং স্বামীর নিষ্ঠুরতার প্রমাণ পাওয়ায় দম্পতিকে বিবাহবিচ্ছেদের আইনি বৈধতা দিয়েছে। আদালতের এই নির্দেশ নারী অধিকার এবং দাম্পত্য সমতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।