ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে জাপান ও ব্রিটেনের সঙ্গে জোট গড়ার পথে ভারত
ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক জোটের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে জাপান, ব্রিটেন ও ইতালির যৌথ উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম’ বা জিসিএপি-তে যোগ দেওয়ার বিষয়ে জাপানের সঙ্গে ভারতের আলোচনা চলছে। এই প্রকল্পে ভারতের হয়ে রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল অংশ নিতে পারে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পঞ্চম প্রজন্মের তুলনায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে অনেক বেশি উন্নত প্রযুক্তির ব্যবহার থাকবে। এই বিমানে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্ত করা, পরিস্থিতি বিশ্লেষণ এবং নির্ভুল হামলা চালানো সম্ভব হবে। এছাড়া এই যুদ্ধবিমান থেকে একই সঙ্গে একাধিক চালকবিহীন ড্রোন নিয়ন্ত্রণ বা ম্যানড-আনম্যানড টিমিং প্রযুক্তি পরিচালনা করা যাবে। বর্তমানে ভারতের নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরির কাজ চলছে। এর পাশাপাশি ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তিতে প্রবেশ করলে ভারতের গবেষণা ও যুদ্ধবিমান তৈরির সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
চলতি বছরের মার্চ মাসে সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য আন্তর্জাতিক সহযোগিতায় ভারতের আগ্রহের কথা জানিয়েছিলেন। যদিও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি, তবে চিনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে জিসিএপি-র যুদ্ধবিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।