বাজেয়াপ্ত সম্পত্তি অনির্দিষ্টকাল আটকে রাখা যায় না, বড় রায় সুপ্রিম কোর্টের
বিচারাধীন মামলার অজুহাতে কোনো সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য নিজেদের হেফাজতে আটকে রাখা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, আর মহাদেবন এবং অপরেশ কুমার সিংয়ের বেঞ্চ জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পত্তি ধরে রাখার পেছনে কোনো যৌক্তিক কারণ রয়েছে কি না, তা আদালতগুলিকে স্বাধীনভাবে খতিয়ে দেখতে হবে। পুলিশ বা আদালতের হেফাজতে থাকা কোনো সম্পত্তি প্রয়োজনের অতিরিক্ত এক মুহূর্তও আটকে রাখা উচিত নয় বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
মামলার প্রেক্ষাপটে জানা যায়, ২০১২ সালে একটি হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত মোহাম্মদ জামাল মহাম্মদ ইউনুসের লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি মহারাষ্ট্র পুলিশ বাজেয়াপ্ত করেছিল। ২০১৩ সালে সেশন আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে খালাস দেয়। এরপর রিভলভারটি ফেরত চেয়ে আবেদন জানালেও, আপিল বিচারাধীন থাকার অজুহাতে নিম্ন আদালত ও বম্বে হাইকোর্ট তা খারিজ করে দেয়। দীর্ঘ ১৩ বছর ধরে অস্ত্রটি আটকে থাকায় আবেদনকারীর জীবিকা ও পরিবারের ভরণপোষণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
সুপ্রিম কোর্ট তার রায়ে উল্লেখ করেছে যে, ফৌজদারি কার্যবিধির ৪৫২ ধারা অনুযায়ী বিচার শেষ হওয়ার পর সম্পত্তি নিষ্পত্তির ক্ষমতা আদালতের রয়েছে। আবেদনকারী খালাস পাওয়ার পর রিভলভারটি আটকে রাখার কোনো আইনি ভিত্তি নেই। এই প্রেক্ষিতে শীর্ষ আদালত মহারাষ্ট্র সরকারকে আগামী আট সপ্তাহের মধ্যে রিভলভারটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে হাইকোর্টে ঝুলে থাকা আবেদনটিও নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। তবে এই রায়ের ফলে মূল আপিল মামলার গুণগত বিচারে কোনো প্রভাব পড়বে না বলে আদালত স্পষ্ট করেছে।