স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরির অধিকার স্বামীর দয়া নয়, স্পষ্ট বার্তা ঝাড়খণ্ড হাইকোর্টের
বিবাহিত স্ত্রীর উচ্চশিক্ষা ও চাকরি করার অধিকারকে স্বামীর উদারতা বা দয়া হিসেবে দেখার সুযোগ নেই। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস সোনক ও বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায়ে এই পর্যবেক্ষণ দিয়েছে। পারিবারিক আদালতের একটি রায়ের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, বিয়ের পর উচ্চশিক্ষা বা চাকরি করা একজন নারীর মৌলিক অধিকার। একে কোনোভাবেই স্ত্রীর ‘অতি উচ্চাকাঙ্ক্ষা’ হিসেবে চিহ্নিত করা যায় না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে বিবাহিত ওই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০১৯ সালে পারিবারিক আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, স্বামী স্ত্রীকে চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন। এই রায়ের বিরোধিতা করে স্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট স্পষ্ট জানায়, পুরুষের ক্ষেত্রে যা স্বাভাবিক, নারীর ক্ষেত্রে তা অস্বাভাবিক বা উচ্চাকাঙ্ক্ষী হিসেবে গণ্য করা লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক ধারণা।
হাইকোর্ট আরও জানায়, দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সমতা ও পারস্পরিক সম্মান। স্বামী ও স্ত্রী উভয়েরই সমান অধিকার রয়েছে। পারিবারিক আদালতের পূর্ববর্তী রায় খারিজ করে দিয়ে হাইকোর্ট হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আইএ) ধারা অনুযায়ী ওই দম্পতির বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছে। আদালতের এই রায় পারিবারিক বিবাদের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণা পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।