বিশ্বের প্রতিটি ডাইনিং টেবিলে ভারতীয় খাবার পৌঁছে দেওয়াই লক্ষ্য: চিরাগ পাসওয়ান
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান জানিয়েছেন, দেশের কৃষকদের কঠোর পরিশ্রমের ফলেই ভারত আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং বিশ্বজুড়ে খাদ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জোর দিয়ে বলেন, কেবল উৎপাদন বৃদ্ধিই যথেষ্ট নয়, বরং কৃষিপণ্যের গুণমান এবং বাজারমূল্য বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থার আধুনিকীকরণ করা গেলে ভারতীয় খাবারের বৈচিত্র্য বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব। তাঁর লক্ষ্য হলো, ভবিষ্যতে বিশ্বের প্রতিটি ডাইনিং টেবিলে যেন অন্তত একটি ভারতীয় খাবার থাকে।
কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়ার সমস্যার সমাধানে তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পর্যাপ্ত সংরক্ষণ পরিকাঠামোর অভাবে কৃষকরা অনেক সময় পচনশীল ফসল জলের দরে বিক্রি করতে বাধ্য হন। স্থানীয় স্তরে প্রসেসিং ইউনিট গড়ে উঠলে পরিবহন খরচ কমবে এবং কৃষকরা তাঁদের ফসলের সঠিক দাম পাবেন। এই লক্ষ্যে তিনি বেসরকারি শিল্প সংস্থাগুলিকে কৃষকদের খামারের কাছাকাছি বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।