দিগারুতে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, বাতিল ও সংক্ষিপ্ত একাধিক ট্রেনের যাত্রাপথ
দিগারু স্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের পরিষেবা ব্যাহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার জেরে রেল কর্তৃপক্ষ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রেল সূত্রে খবর, গুয়াহাটি-হাইবরগাঁও ডিএমইউ ট্রেনটি এদিন বাতিল করা হয়েছে।
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে নিউ আলিপুরদুয়ার জংশন-মরিয়ানি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসের। ট্রেনটি এখন কামাখ্যা পর্যন্ত চলাচল করবে। এছাড়া ১২০৬৭ গুয়াহাটি-জোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস পানবাড়ি পর্যন্ত এবং ১৫৬২৭ কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেস পানিখাইটি পর্যন্ত যাবে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় কাটিহার, কিশানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং ও বদরপুর সহ মোট আটটি জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের জন্য পানীয় জল ও প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থাও করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।