চুরি যাওয়া অলিম্পিক পদক ফিরে পেলেন এম এম সোমায়া, স্বস্তিতে প্রাক্তন হকি তারকা
প্রাক্তন হকি তারকা এম এম সোমায়ার চুরি যাওয়া অলিম্পিক পদক উদ্ধার করল বেঙ্গালুরু পুলিশ। গত ২৮ অক্টোবর সোমায়ার বেঙ্গালুরুর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। পরিবারের সঙ্গে কর্ণাটকের কোডাগু জেলায় থাকাকালীন দুষ্কৃতীরা তাঁর বাড়ির তালা ভেঙে অলিম্পিক পদক, সোনা-রুপোর সামগ্রী ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ইন্দিরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
তদন্তে নেমে পুলিশ আটটি বিশেষ দল গঠন করে। ঘটনার তদন্তে নেমে ৯ নভেম্বর রামনগর জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে ১০ নভেম্বর চুরি যাওয়া আটটি পদক, একটি কোদাভা তরোয়াল, একটি ক্যামেরা ও একটি দুই চাকার গাড়ি উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই ৩৩টি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। আদালতে পেশ করার পর তাদের আট দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
হারানো পদক ফিরে পেয়ে আবেগপ্রবণ সোমায়া জানান, এই পদকগুলি তাঁর কাছে কেবল পুরস্কার নয়, বরং দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্মৃতি ও আবেগ। তিনি পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে বলেন, পদকগুলি ফিরে পাওয়ার অনুভূতি যেন পুনরায় অলিম্পিক পদক জয়ের মতোই আনন্দদায়ক। দীর্ঘ কয়েক দশকের স্মৃতিবিজড়িত এই সম্মান ফিরে পাওয়ায় তিনি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।