কাশ্মীরে জঙ্গি হামলায় আহত বিষ্ণুপুরের সিআরপিএফ জওয়ান, স্থিতিশীল শারীরিক অবস্থা

জম্মু-কাশ্মীরের কুলগ্রামে সন্ত্রাসবাদী হামলায় বিষ্ণুপুরের বাসিন্দা এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। বুধবার দুপুরে কুলগ্রামের মীরবাজার এলাকার আখরানে সিআরপিএফের নাকা চৌকিতে বাইক আরোহী দুই সন্ত্রাসবাদী অতর্কিতে হামলা চালায়। স্বয়ংক্রিয় অস্ত্র থেকে ছোড়া গুলিতে শান্তনু নামে ওই জওয়ানের হাতে আঘাত লাগে। ঘটনার সময় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কুলগ্রামেই ছিলেন। হামলার পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও আধাসেনা তল্লাশি অভিযান শুরু করেছে।

২০১১ সালে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়ানে যোগ দেওয়া শান্তনু গত সাড়ে তিন বছর ধরে কাশ্মীরে কর্মরত। লক্ষ্মীপুজোর পর ছুটি কাটিয়ে তিনি কর্মস্থলে ফিরেছিলেন। বুধবার বিকেলে শান্তনু নিজেই ফোন করে তাঁর স্ত্রীকে হামলার কথা জানান। তিনি জানান, তাঁর এক সঙ্গী হেড কনস্টেবলও আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছুক্ষণ পরেই সিআরপিএফের পক্ষ থেকে শান্তনুর পরিবারকে জানানো হয় যে, তাঁর হাতে গুলি লেগেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে শান্তনুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলেছেন। ছেলের আঘাত গুরুতর নয় জেনে কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁর বাবা তারাপদ। তবে এত দূরে জওয়ান ছেলে চিকিৎসাধীন থাকায় দুশ্চিন্তায় রয়েছেন তাঁর স্ত্রী নন্দিনী ও পরিবারের অন্যান্য সদস্যরা। শান্তনু পুরোপুরি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত উৎকণ্ঠা কাটছে না তাঁদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *