অন্য পুরুষের সঙ্গে ফোনালাপ মানেই পরকীয়া নয়, বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ হাইকোর্টের

অন্য পুরুষের সঙ্গে ফোনে কথা বললেই তা বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া হিসেবে গণ্য করা যায় না। সম্প্রতি এক বিবাহবিচ্ছেদের মামলায় এমনই পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, স্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ লিঙ্গভিত্তিক প্রাচীন ধারণার বশবর্তী হয়ে তোলা হয়, যা আদতে স্ত্রীর প্রতি মানসিক নিষ্ঠুরতার শামিল। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা স্বামীর আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে দম্পতির মধ্যে বিবাদের জেরে স্ত্রী বাপের বাড়ি চলে যান। স্বামীর অভিযোগ ছিল, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলতেন এবং স্বেচ্ছায় সংসার ত্যাগ করেছেন। অন্যদিকে, স্ত্রীর পাল্টা দাবি ছিল, পণপ্রথার কারণে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। পারিবারিক আদালত এর আগে স্ত্রীর পক্ষেই রায় দিয়েছিল। হাইকোর্টও সেই রায় বহাল রেখে জানিয়েছে, স্বামীর আনা অভিযোগের সপক্ষে কোনো জোরালো প্রমাণ নেই।

আদালত আরও লক্ষ্য করেছে যে, স্বামীর পক্ষে সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা পরিবারের সদস্য নন, বরং তাঁর বন্ধু ও সহকর্মী। এছাড়া দম্পতির নাবালিকা কন্যার জবানবন্দিকেও আদালত গুরুত্ব দেয়নি, কারণ সে স্বীকার করেছিল যে বাবার শেখানো কথা অনুযায়ী সে সাক্ষ্য দিয়েছে। ২০১৫ সালের সমঝোতা অনুযায়ী স্ত্রী সংসার করতে চাইলেও স্বামীই তাতে রাজি হননি বলে আদালত পর্যবেক্ষণ করেছে। সবদিক বিবেচনা করে আদালত স্বামীর বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *