কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনা: ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও সিগন্যাল মানা নিয়ে উঠছে প্রশ্ন
কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার পর ট্রেনের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ এবং সিগন্যাল ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ট্রেনের ইঞ্জিন বেলাইন হওয়ার পরপরই ছয়টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তথ্য অনুযায়ী, দিগারু স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসকে জায়গা করে দেওয়ার জন্য ট্রেনটিকে থামার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু চালক তা মানতে ব্যর্থ হন।
রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত WAP-৭ ক্যাটেগরির ৩৯৬৩১ নম্বর ইঞ্জিনটি গত ২৭ মে পাটিয়ালা লোকোমোটিভ থেকে শিয়ালদহ ডিভিশনে আসে। নিয়ম অনুযায়ী, প্রতি সাড়ে চার হাজার কিলোমিটার চলার পর বা প্রতিটি ট্রিপ শেষে ইঞ্জিনের ব্রেক ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করা বাধ্যতামূলক। দুর্ঘটনার আগের দিন মঙ্গলবার সকাল আটটা নাগাদ বেলেঘাটা লোকো শেড থেকে ইঞ্জিনটি রিলিজ করা হয়েছিল এবং সেই সময় প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছিল বলেই দাবি করা হয়েছে।
এত নিয়ম ও পরীক্ষার পরেও কেন চালক জরুরি ব্রেক প্রয়োগ করে ট্রেনটি থামাতে পারলেন না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও ট্রেনটি কেন থামল না, তা খতিয়ে দেখা হচ্ছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ছিল নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।