অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়েকে খুনের হুমকি, দাবি ৭ কোটি টাকা তোলা
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৬ নভেম্বর তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিংয়ের কাছে একটি ফোন কল ও হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে ওই ব্যক্তি ৭ কোটি টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আপের পক্ষ থেকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
দিল্লি পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বর, কল ডিটেলস, আইপি লগ এবং লোকেশন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এই হুমকির নেপথ্যে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগ রয়েছে, নাকি কেউ গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে, তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে তোলাবাজির হুমকি দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এর আগে বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে টাকা চেয়ে হুমকি-বার্তা পাঠানোর অভিযোগে বেঙ্গালুরুর এক আইটি কর্মীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। তদন্তে জানা গিয়েছিল, ওই ব্যক্তি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে ভুয়ো পরিচয় দিয়েছিলেন। কেজরিওয়ালের ক্ষেত্রেও বিষয়টি একই কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।