ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিহার বোর্ড
একাডেমিক ইয়ার ২০২৭-২৯-এর জন্য ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে বিনামূল্যে কোচিংয়ের সুবিধা দিচ্ছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। সদ্য দশম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। বিহার বোর্ডের পাশাপাশি সিবিএসই, আইসিএসই বা অন্য যেকোনো স্বীকৃত বোর্ডের শিক্ষার্থীরাও এই কোচিংয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে শর্ত অনুযায়ী, একাদশ শ্রেণিতে পড়ার সময় শিক্ষার্থীকে অবশ্যই বিহার বোর্ডের অন্তর্ভুক্ত কোনো স্কুলে ভর্তি হতে হবে।
আগ্রহী শিক্ষার্থীদের একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। সম্ভাব্য তারিখ অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। নির্বাচিত শিক্ষার্থীরা পাটনায় আবাসিক কোচিংয়ের সুবিধা পাবেন, যেখানে থাকা, খাওয়া ও পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে বোর্ড। এছাড়া বিহারের ৯টি প্রমণ্ডলে অ-আবাসিক কোচিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাস, বিনামূল্যে স্টাডি মেটেরিয়াল, ডাউট ক্লিয়ারিং সেশন এবং নিয়মিত মক টেস্টের সুবিধা পাবেন শিক্ষার্থীরা।
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা চলবে ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট coaching.biharboardonline.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণের পর কনফার্মেশন পেজটি ডাউনলোড করে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আর্থিক অনটন যাতে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই বিহার বোর্ডের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।