সরকারি ল্যাপটপ ও ট্যাবলেট ব্যবহারের নিয়মে বড় বদল, চার বছর পর মালিকানা পাবেন কর্মীরা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ল্যাপটপ ও ট্যাবলেট কেনার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ। গত ১০ নভেম্বর প্রকাশিত এই নতুন নীতি অনুযায়ী, সরকারি কাজে ব্যবহারের জন্য ১.৮ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের ডিভাইস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যে ডিভাইসগুলি কেনা হবে, তার অন্তত ৪০ শতাংশ উপাদান ‘মেক ইন ইন্ডিয়া’ বা দেশীয় হতে হবে। এই শর্ত পূরণ হলেই সর্বোচ্চ ১.৮ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ পাওয়া সম্ভব। অন্য ডিভাইসের ক্ষেত্রে এই আর্থিক সীমা ১.৫ লক্ষ টাকা (কর বাদে) ধার্য করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীরা টানা চার বছর ব্যবহারের পর ওই ডিভাইসগুলি নিজেদের কাছে রেখে দিতে পারবেন। তবে ডিভাইসটি হস্তান্তরের আগে তাতে থাকা সমস্ত গোপন ও সংবেদনশীল সরকারি তথ্য মুছে ফেলা বাধ্যতামূলক। যদি কোনো কর্মী চার বছর পূর্ণ হওয়ার আগেই অবসর নেন বা চাকরি ছাড়েন, সেক্ষেত্রেও ডিভাইসটি নিজের কাছে রাখা যাবে। তবে তার জন্য অবমূল্যায়িত দাম পরিশোধ করতে হবে, যেখানে সরকার বার্ষিক ২৫ শতাংশ হারে অবমূল্যায়ন হিসাব করবে। চার বছরের মধ্যে সাধারণত দ্বিতীয়বার নতুন ডিভাইস পাওয়ার সুযোগ নেই, যদি না আগেরটি পুরোপুরি নষ্ট হয়ে যায়।

এই সুবিধার পরিধি নির্দিষ্ট করা হয়েছে সরকারি কর্মীদের পদমর্যাদার ভিত্তিতে। শুধুমাত্র পে লেভেল ১২ বা তার উর্ধ্বে থাকা আধিকারিকরাই এই সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। পে লেভেল ৮ থেকে ১১-র মধ্যে থাকা কর্মীদের ক্ষেত্রে যোগ্যতার পরিধি অনুমোদিত পদের অর্ধেক পর্যন্ত সীমাবদ্ধ। তবে কাজের প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শে এই হার ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে। উল্লেখ্য, এই নিয়ম শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের কর্মীদের জন্যই প্রযোজ্য। রাজ্য সরকার, কোনো স্বায়ত্তশাসিত সংস্থা বা পরামর্শদাতারা এই নতুন নীতির আওতায় আসবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *