অমিতাভ বচ্চন ও মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানকে উড়িয়ে দেওয়ার হুমকি, জারি হাই অ্যালার্ট

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাসভবন ‘জলসা’-সহ মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি ইমেলের মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বাড়িতে গাড়ি বোমা বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনার পর মুম্বইজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

হুমকি ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন ছাড়াও ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, মুম্বইয়ের মেয়র অফিস এবং একটি আদালতে হামলার কথা উল্লেখ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করা হয়েছে। এছাড়া রাস্তায় পরিত্যক্ত আইফোন পড়ে থাকলে তা স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইমেলে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে খালিস্তানপন্থী স্লোগান ব্যবহার করা হয়েছে।

নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা বিভাগ এই হুমকি ইমেলটি খতিয়ে দেখছে। ইমেলে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’-র নাম উল্লেখ থাকলেও, এর পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে নাকি এটি নিছক আতঙ্ক ছড়ানোর চেষ্টা, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রতিটি সংবেদনশীল এলাকায় তল্লাশি অভিযান ও নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মুম্বইয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে চরম পরীক্ষার মুখে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *