অমিতাভ বচ্চনের বাংলো ও মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমাতঙ্ক, শুরু তল্লাশি

মুম্বইয়ের একাধিক হাই-প্রোফাইল স্থানে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বইয়ের মেয়রের দফতর, বিএমসি দফতর, আদালত এবং মহালক্ষ্মী রেসকোর্স। ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামে একটি সংগঠনের স্বাক্ষর সম্বলিত এই ইমেলে বিমানবন্দরের পাশাপাশি অমিতাভ বচ্চনের বাংলোতে গাড়ি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

হুমকিবার্তা পাওয়ার পরই মুম্বই পুলিশের বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এবং নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিবিড় তল্লাশি চালায়। তবে প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরকের সন্ধান মেলেনি। সাইবার সেল ইমেলের উৎস এবং প্রেরকের পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এই ঘটনার নেপথ্যে কোনো জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি গোয়েন্দা বাহিনী।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবরও অমিতাভ বচ্চনের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া গায়ক দিলজিৎ দোসাঞ্জের আগামী ২৭ নভেম্বরের অনুষ্ঠানেও হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একের পর এক এমন হুমকির জেরে গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে দেখা করার সময় অমিতাভ বচ্চন নিরাপত্তার খাতিরে বুলেটপ্রুফ ঢালের আড়ালে দাঁড়িয়েছিলেন। বারবার আসা এই ধরনের হুমকি মুম্বইয়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *