অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর কন্যাকে খুনের হুমকি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে তোলাবাজি

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর কন্যা হর্ষিতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দিল্লির তিলক নগরের আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিংয়ের মোবাইল নম্বরে ফোন ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে ওই ব্যক্তি অরবিন্দ কেজরিওয়ালের কাছে সাত কোটি টাকা তোলা দাবি করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর কন্যাকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনায় বিধায়ক জারনেল সিং গত ৬ নভেম্বর মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মোহালির সাইবার ক্রাইম থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম থানার ইনস্পেক্টর সুনীল কুমারকে।

তদন্তকারী পুলিশ আধিকারিকরা হুমকি ফোন ও বার্তার উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। অভিযুক্তের কল ডিটেলস রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল লগ এবং মোবাইল টাওয়ারের লোকেশন সংক্রান্ত প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারকে ঘিরে এমন মারাত্মক হুমকির পর দিল্লি ও পাঞ্জাব জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *