পিংলার চায়ের দোকানের জলের ট্যাঙ্কে বিষ মেশানোর অভিযোগ, তদন্তে পুলিশ

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার করকাই বাটিটাকিয়ে এলাকায় একটি চা দোকানের জলের ট্যাঙ্কে বিষ মেশানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিনের মতো ভোরবেলা দোকান খুলতে এসে মালিকের মেয়ে লক্ষ্য করেন, ট্যাঙ্কের জলের রঙ অস্বাভাবিকভাবে সবুজ হয়ে গিয়েছে এবং প্রচুর ফেনা জমে রয়েছে। এই জল রান্নাবান্না ও পানীয় হিসেবে ব্যবহার করতেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ। বিষয়টি নজরে আসতেই দ্রুত দোকানের মালিক ও স্থানীয়দের খবর দেওয়া হয়।

ঘটনার খবর পেয়েই পিংলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা ট্যাঙ্কের জলের নমুনা সংগ্রহ করেছেন। ঠিক কী ধরনের বিষাক্ত রাসায়নিক বা ঘাসমারা ওষুধ সেখানে মেশানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নাশকতার নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটি সাধারণ কোনো ঘটনা নয়, বরং সাধারণ মানুষকে বিষ খাইয়ে বড় ধরনের প্রাণহানির পরিকল্পিত ছক ছিল। সময়মতো বিষয়টি ধরা পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসী। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *