অগ্নিপথ প্রকল্পে চাকরির মেয়াদ বৃদ্ধি, মিশ্র প্রতিক্রিয়া চাকরিপ্রার্থীদের মধ্যে

অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ও আধিকারিকদের ইতিবাচক রিপোর্টের ভিত্তিতে ৭৫ শতাংশ অগ্নিবীরকে অতিরিক্ত দুই বছরের চাকরির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ব্যাচের অগ্নিবীরদের চার বছরের মেয়াদ শেষের মুখে দাঁড়িয়ে এই ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পর উত্তরপ্রদেশের সাহারানপুরের আম্বেদকর স্টেডিয়ামে সেনা নিয়োগের প্রস্তুতি নেওয়া তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

চাকরিপ্রার্থীদের একাংশের মতে, চাকরির মেয়াদ দুই বছর বাড়ায় তাঁরা কিছুটা আশ্বস্ত হলেও, স্থায়ী চাকরির দাবি এখনও অটুট। তাঁদের দাবি, চার বছরের বদলে ছয় বছর হওয়ায় কিছুটা সাহস মিললেও, স্থায়ী নিয়োগ এবং বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি বেতন কাঠামো ও পেনশন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বর্তমান ২১ হাজার টাকা বেসিক পে-র পরিবর্তে আগের মতো ৪৫ হাজার টাকা বেসিক পে এবং অবসরের পর পেনশনের ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রশিক্ষক দীপক শর্মার মতে, মেয়াদ বৃদ্ধির ফলে তরুণদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং যারা অনুশীলন ছেড়ে দিয়েছিলেন, তাঁরা নতুন উদ্যমে ফিরবেন। তবে তিনি মনে করেন, দেশসেবার পর জওয়ানরা যাতে বেকার না হয়ে পড়েন, তার জন্য ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া ছয় বছরের নতুন নিয়মে বিবাহ সংক্রান্ত বিধিনিষেধে কোনো পরিবর্তন আসে কি না, সেদিকেও নজর রয়েছে হবু অগ্নিবীরদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *