ভোটার তালিকা নিয়ে যোগীর দাবির পাল্টা বিস্ফোরক অভিযোগ অখিলেশ যাদবের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ পড়ার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের তালিকার ফারাক তুলে ধরে তিনি এই পরিসংখ্যান দিয়েছিলেন। এর মধ্যে ৬৬ লক্ষ পঞ্চায়েত ভোটার, ৫৫ লক্ষ সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং ৪.৫ লক্ষ নতুন ভোটারের নাম রয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানোর কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই দাবির পাল্টা তীব্র আক্রমণ শানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেন, বিজেপি ভিনরাজ্য থেকে মানুষ এনে উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম তোলার পরিকল্পনা করছে। অখিলেশের দাবি, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড থেকে লোক এনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। বিজেপির সাংগঠনিক বৈঠকগুলি আসলে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার ছক বলে তিনি কটাক্ষ করেছেন।

অখিলেশ যাদব আরও জানান, সমাজবাদী পার্টি নিজেদের উদ্যোগে প্রায় ২৫ লক্ষ ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার শনাক্ত করেছে এবং সেই তথ্য শীঘ্রই নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। তিনি দাবি করেন, দলের ‘পিডিএ প্রহরী’ কর্মীরা ভোটার তালিকার ওপর কড়া নজর রাখছেন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে তারা সরব হয়েছেন। এছাড়া বিজেপি সরকারের বিরুদ্ধে সামাজিক বৈষম্যের অভিযোগ তুলে অখিলেশ দাবি করেন, সাধারণ মানুষ সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *