স্বামীর নিরাপত্তা নিয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ সুমিত রায়ের স্ত্রীর

জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে ধৃত সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। সম্প্রতি রক্ষাকবচ উঠে যাওয়ার পর সিআইডি ও পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি সাত দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। সুস্মিতা ঘোষের অভিযোগ, পুলিশ হেফাজতে তাঁর স্বামীর ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি সাজানো ঘটনার মাধ্যমে এনকাউন্টার করে তাঁকে মেরে ফেলার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে আরও জানানো হয়েছে, সুমিত রায় স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়। পুলিশি হেফাজতে তাঁকে সেই চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না এবং পর্যাপ্ত বিশ্রাম থেকেও বঞ্চিত রাখা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এছাড়া রাতের অন্ধকারে তদন্তের অজুহাতে তাঁকে বিভিন্ন অপরাধস্থলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। রাজ্যে সাম্প্রতিককালের কয়েকটি এনকাউন্টারের প্রসঙ্গও এই আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। তদন্তের প্রতিটি পদক্ষেপে আইন ও মানবাধিকারের সুরক্ষা বজায় রাখার নির্দেশ দিয়েছে কমিশন। অভিযুক্তের স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয় এবং তাঁর সঙ্গে অমানবিক আচরণ না করা হয়, সে বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *