ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। ম্যাচের শুরুতে ভারতীয় ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার কিছুটা অভাব লক্ষ্য করা গেলেও, বিষ্ণুর গোলের পর খেলার মোড় ঘুরে যায়। হাংডিমের কাছ থেকে বল পেয়ে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের এই উইঙ্গার। এরপর ম্যাংলেনথাং কিপগেনের কর্নার থেকে নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন চিংলেসানা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতের রক্ষণভাগের ভুলে ভুটান গোল করার সুযোগ পেয়ে যায়। ফ্রি-কিক থেকে আসা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন ভারতীয় ডিফেন্ডাররা, যার সুযোগ নিয়ে তোবডেন গোল করে ব্যবধান কমান। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। শনিবারের ম্যাচে দুইবার ভারতের বিপক্ষে সিদ্ধান্ত যায়। ভুটানের গোলের সময় সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললেও ভিডিও পর্যালোচনার পর গোল বহাল রাখা হয়।
ম্যাচের ৬৫ মিনিটে ভারতের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। পরিবর্ত হিসেবে নামা ইরফান ইয়ারওয়াড়ের ক্রস ভুটানের খেলোয়াড়ের হাতে লাগলে প্রথমে পেনাল্টি দেওয়া হয়েছিল, কিন্তু ভিডিও পর্যালোচনার পর তা বাতিল করা হয়। প্রতিকূল সিদ্ধান্ত সত্ত্বেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল ভারতীয় দল।